অভিযোগ নিতে হোয়াটসঅ্যাপে বিটিআরসি বাংলালিংকে আসছে অ্যপস্টোর

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:১০  
টেলিকম খাতের বিভিন্ন সেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ নিতে ‘হোয়াটসঅ্যাপ’ সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পাশাপাশি ‘অ্যাপলিংক’ নামে অ্যাপস্টোর তৈরি করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এর আগে টেলিটকের কাছে একটি গোল্ডেন নম্বর চেয়ে পাঠালে নিয়ন্ত্রক সংস্থাকে ৯টি নম্বর পাঠিয়েছিলো রাষ্ট্রায়ত্ব অপারেটরটি। ওই নম্বরগুলোর মধ্য থেকে ০১৫১-০১০০০০০ নম্বরটি চূড়ান্ত করেছে নিয়ন্ত্রণ সংস্থা। এরইমধ্যে নম্বরটি হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেশন করার কাজও শুরু হয়েছে। এছাড়াও হোয়াটঅ্যাপ-ফেসবুকে এআই চ্যাটবট এবং শর্টকোড ‘১০০’-তে স্মার্ট আইভিআর চালুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অল্পদিনের মধ্যেই এই সেবা পেতে শুরু করবেন সেবা ব্যবহারকারীরা। এদিকে নিজেদের বিভিন্ন পণ্য ও সেবা বিক্রির পাশাপাশি ডিজিটাল মার্কেটপ্লেস চালু করতে এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে শর্ত সাপেক্ষে অনুমতিও পেয়েছে বাংলালিংক। ‘সেলুলার মোবাইল ফোন অপারেটর-টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার (সিএমপিও-টিভাস’ হিসেবে বাংলালিংককে এই অ্যাপস্টোর চালুর অনুমতি দিয়েছে বিটিআরসি।